নকলায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ

১৭ আগস্ট ২০২৬, ৩:২৮

আব্দুল্লাহ আল আমীন নকলা: শেরপুরের নকলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে আয়োজিত সমাবেশে ব্যাংকের গ্রাহকসেবা, আধুনিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেরপুর শাখার এভিপি ও শাখা প্রধান গোলাম মাসুদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার রবিউল ইসলাম।

তিনি গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন নকলা বাজার মেসার্স সুকৃতি ফার্ম এন্ড ফিডের স্বত্বাধিকারী মাওলানা গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিনিয়োগ ইনচার্জ মোঃ সাজিদুল হক।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিকভাবে ব্যাংকিং সেবা গ্রহণ এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সমাবেশে উপস্থিত গ্রাহক ও সুধীজন ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে তাদের মতামত, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে আরও উন্নত ও গ্রাহকবান্ধব সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।