আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা :আওয়ামী লীগ সরকারের আমলে তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর শাসনামলে যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবেনা। বিশেষ করে পদ্মা সেতু, রাজধানী ঢাকার মেট্রোরেল, কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মান এবং শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা অন্যকোন দেশের বা সরকারের পক্ষে সম্ভব হয়নি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থী এবং উরফা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি এসব কথা বলেন।

এছাড়াও তিনি দেশ ও জাতির উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।