শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় জেলা পর্যায়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি রোববার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় তিনি বলেন, আমরা চাই আমাদের ক্রীড়াঙ্গন সবসময় এগিয়ে যাক, ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজের জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে। এছাড়াও সমাজে যে সব সামাজিক অপরাধ ও সামাজিক ব্যাধি আছে সে সব অপরাধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আমাদের ছেলে-মেয়েরা মাদকের সাথে সংশ্লিষ্ট হবে না, কেউ ইভটিজিং করবে না, ইভটিজিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করবে না এবং অন্যান্য যত ধরনের অপরাধ যেমন- যৌতুক, বাল্যবিবাহ সহ অন্যান্য অপরাধ থেকে শেরপুরকে মুক্ত করতে চাই। তাই খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা করতে শরীর ও মন ভালো থাকে আর খেলাধুলা করতে চাইলে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রশিক্ষণ একটা প্রশিক্ষণ খেলোয়াড় তৈরি করে এবং ভালো খেলোয়াড় হতে চাইলে প্রশিক্ষণ নিতে হবে। এছাড়াও ভালো খেলোয়াড় হতে চাইলে তার খেলার প্রতি আগ্রহ ও স্বপ্ন থাকতে হবে।

জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার রবীন।

পরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রশিক্ষর্ণীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক সম্পাদিকা কুহিনুর বেগম বিদ্যুৎ, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম মনির, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফুটবলাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *