স্টাফ রিপোর্টার ||শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌহিদুর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ফুসফুসের সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শেরপুর পৌরসভার বাগরাকসা মহল্লার বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তৌহিদুর রহমান স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজ মাঠে প্রথম ও দুপুর ২টায় তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সাতানীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
জানাজা নামাজের আগে মো. তৌহিদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ও এডভোকেট আলহাজ্ব একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
তৌহিদুর রহমানের জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।
