শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু||সত্যবয়ান

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু||সত্যবয়ান

ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সাগর(১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার সুরিহারা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হালকা বৃষ্টির মাঝে সাগর বাড়ীর পাশে বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় সাগর। পরিবারের লোকজন সাগরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতীর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, সাগর আমার প্রতিবেশী, সে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।

ঝিনাইগাতী থানার এসআই ফেরদৌস আলম ফাহাদ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *