স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশাত খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে ওই ঘটনাটি ঘটে। মৃত নিশাত খাতুন স্থানীয় কাউছার মাহমুদ সুজনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গৃহবধূ নিশাত প্রতিদিনের মতো ঘরের টেবিলের উপর রাখা রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই টেবিল থেকে রাইস কুকারটি নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

এসময় তার ননদ আফরোজা আক্তার বিউটি তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্যরা ছুটে আসেন। পরে গৃহবধূ নিশাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। একইসাথে পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে
