স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া তালুকদার বাড়ি গ্রামের ছেলে নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার (৪৫) ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা তেজগাঁও ট্রাফিক জোনের কর্মস্থলে শুক্রবার ভোররাতে ফেরার সময় ঢাকা ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীদের হাতে মনিরুজ্জামান তালুকদার নিহত হন। এদিকে নিহতের পরিবারকে ৩ জুলাই সোমবার দুপুরে দেখতে গেলেন শেরপুর জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি।
নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া তালুকদার বাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদারের ছেলে এবং সে দুই পুত্র সন্তানের জনক।

নিহতের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি সোমবার দুপুরে নিহতের গ্রামের বাড়িতে শেরপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে যান। এসময় তিনি নিহতের স্ত্রী ও দুই সন্তানের খোঁজখবর নেন। এছাড়াও নিহত মনিরুজ্জামান তালুকদারের বড় ছেলে মো. আব্দুল্লাহর লেখাপড়ার খরচ ব্যয়ভার বহন করার অঙ্গীকার করেন এবং শিশু সন্তান আব্দুল্লাহর জন্য একটি ব্যাংক হিসেবে খোলার জন্য পরিবারের অভিভাবক তার দাদা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদারকে অনুরোধ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা জাপা সাংগঠনিক সম্পাদক মো. আছাদুজ্জামান মোরাদ, এসএম আশরাফ, ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মো. সানীসহ জাপা নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
