ত্রিশালে পেঁপে চাষে সফল শহিদুল ইসলাম-সত্যবয়ান

ত্রিশালে পেঁপে চাষে সফল শহিদুল ইসলাম-সত্যবয়ান

আবু তোরাব,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে স্ত্রী-সন্তান সবাইকে ফেলে দীর্ঘ ১৮টি বছর প্রবাসে কাটিয়েছিলেন শহিদুল ইসলাম। তবে ভাগ্যের চাকা ঘুরেনি সেখানে। শহিদুল ইসলামের হয়তো জানা ছিলনা দেশের অকৃষি অনাবাদি উর্বর মাটির নিচেই লুকিয়ে আছে ভাগ্যের খনি। কষ্টের সময় পার করে দেশে ফিরে বাড়ির চারপাশের সাড়ে ৬ কাঠা অনাবাদি জমিতে গড়ে তোলেন ফরমালিনমুক্ত পেপের বাগান। আত্মপ্রত্যয়ী ও পরিশ্রমী হলে যে সফলতা মানুষের দ্বারপ্রান্তে এসে কড়া নাড়ে তা প্রমাণ করেছেন তিনি। দৃষ্টিনন্দন ও উৎপাদনশীল এমনই একটি ফলজ বাগান ভাগ্যের চাকা ঘুরে জীবনে সফলতা খুঁজে পান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল আকন্দ ভিটা কৈতরবাড়ী গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলামের। পাশাপাশি বর্তমান সময়ে বিষাক্ত ফলের বিপরীতে ফরমালিনমুক্ত ফল বাজারজাত করাই তার ব্যবসার লক্ষ্য।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চল আকন্দ ভিটা কৈতরবাড়ী গ্রামটি। ওই অঞ্চলে সমতল ভূমির পরিমান খুবই কম। ছোট বড় টিলা ঘেরা ওই গ্রাম। স্থানীয়দের কাছে যা অনাবাদী চালা নামে পরিচিত। লোকমান আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম খুব বেশি পড়াশুনা করতে পারেনি। তাই পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে স্ত্রী-সন্তান সবাইকে ফেলে পাড়ি জমান সৌদি আরবের মরুপ্রান্তরে। সেখানে তিনি গাড়ী চালানোর কাজ করতেন। দেশে ফিরে স্থানীয় সফল ফল চাষী রফিকুল ইসলামের পরামর্শে বাড়ির চারপাশের সাড়ে ৬ কাঠা অনাবাদি বা অকৃষি চালার জমিতে গড়ে তুলেন পেঁপে বাগান। কঠুর শ্রম ও পরিচর্যার ফলে বছর ঘুরতেই গাছগুলোতে ফল ধরতে শুরু করে।

বর্তমানে তিনি ১৩ কাঠা জমির উপর পেপেসহ মাল্টা চাষ শুরু করেছেন। তাছাড়া শহিদুল তার ফলের বাগানে কোন কৃত্তিম কেমিক্যাল ব্যবহার থেকে বিরত থাকেন। গাছ পাঁকা পেঁপে ১২০০ টাকা মন ও কাঁচা পেঁপে ৮০০ টাকা মন দরে বিক্রি হয়।

শহিদুল ইসলামের উৎপাদিত পেঁপে রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত বছর সাড়ে ৬ কাঠা জমিতে পেঁপে চাষে খরচ হয় ৭০,০০০ টাকা। বিক্রি করে আয় করেছেন প্রায় ৩ লাখ টাকা। এবছর তিনি প্রস্তুত করেছেন ১৩ কাঠা জমি। শহিদুল ইসলামের উৎপাদনধর্মী ফলজ বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন স্থানীয় কৃষক ফলজ বাগান করার কাজ শুরু করেছেন।

পেঁপে চাষী শহিদুল ইসলাম বলেন, বিদেশের চাইতে দেশে পেঁপে বাগান করে তার সংসার চলছে খুব স্বাচ্ছন্দ্যে। এই বাগান থেকেই তার সংসার চলে। তার দুই ছেলে সহ চার জনের সংসার, পেঁপে বাগান থেকেই ছেলেদের পড়াশোনার খরচ চালান।

পেপেঁ চাষী শহিদুল ইসলাম কেমিক্যাল, ফরমালিনমুক্ত পেঁপে উৎপাদন করে দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পুরনে অবদান রেখে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *