স্টাফ রিপোর্টার:
শেরপুরের ঝিনাইগাতীতে শ্রমিকদলের আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও আওয়ামীলীগের পদধারী একাধিক নেতাকে অন্তভূক্ত করার প্রতিবাদে একযোগে ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন। রোববার ৩ নভেম্বর সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস কন্ফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য ঘোষণা কমিটির সদস্য সচিব এমদাদুল হক ।

এসময় তিনি জানান, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন করেন। কমিটিতে সৈরাচার আওয়ামী লীগের পতন আন্দোলনে রাজপথে সক্রিয় কর্মীদের অবমূল্যায়ন ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে বিপুল পরিমান অর্থের বিনিময়ে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক পদধারী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা দলের জন্য খুবই ক্ষতিকর এবং দু:খজনক। তিনি আরো বলেন, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের কাউকে অবগত না করে রাতের আধারে মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্যদের পদায়িত করেছেন। যা ঝিনাইগাতী উপজেলা সহ জেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দ্রুততম সময়ের মধ্যে এ কমিটির বিষয়ে সমাধান না দিলে সামনে কঠোর আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা।

উল্লেখ্য- কমিটি গঠনকে কেন্দ্র করে ঝাড়ু মিছিল, দু পক্ষের মাঝে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। জ্বালিয়ে দেয়া হয়েছে মোটরসাইকেল। বর্তমানে ঝিনাইগাতী উপজেলাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সঙ্গাতে জড়াতে পারে বলে একাধিক দলীয় সূত্র জানিয়েছে। ঝাড়ু মিছিলের পরে জেলা শ্রমিকদলের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কমিটির সদস্য সচিব এমদাদুল হক সহ তিনজনকে শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে বহিষ্কারও করা হয়েছে।
