শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ চালককে জরিমানা

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ চালককে জরিমানা

শেরপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ ট্রাক চালককে জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) শেরপুর সদর উপজেলা গৌরীপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমনন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি ৬(১) লংঘনের দায়ে ০২ (দুই) টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যথাক্রমে শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং মোঃ নাহিদ হাসান। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এমন অবস্থার প্রেক্ষাপটে গৌরিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লংঘনের দায়ে জামালপুর সদর উপজেলার ফুলবাড়িয়া পশ্চিমপাড়ার আবু তাহেরের ছেলে রাশেদ (৩৪) কে ১০০০ টাকা, মধুপুর রক্তিপাড়ার আব্দুল শেখের ছেলে জুলহাস (৪৫) কে ১৫০০ টাকা, শেরপুর সদর উপজেলার তোহাব আলীর ছেলে আলম (৪৮) কে ১০০০ টাকা, ঈশ্বরগঞ্জের হাসের আলকির আব্দুল খালেকের ছেলে আব্দুল বারেক (৩০) কে ১০০০ টাকা, শেরপুর সদর উপজেলার খুরমপুর মহল্লার কেরামত আলীর ছেলে ইব্রাহীম (২৬) কে ১০০০ টাকা জরিমানা আদায়সহ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযানকালে পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *