স্টাফ রিপোর্টার
মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে বিশেষ অবদান, মাদক উদ্ধার ও ডিবি পুলিশের কর্মকাণ্ড জোরদার করার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম খান। ২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ অফিস সভা কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় জেলা পুলিশের পক্ষ থেকে আগস্ট ২০২৫ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ১১ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করেন।
গত এক মাসে ডিবির ওসি রেজাউল ইসলাম খানের নেতৃত্বে ডিবি পুলিশের অভিযানিক দল মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে একাধিক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬৭৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের বোতল ও ২ গ্রাম হিরোইন উদ্ধার করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চৌকস পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম খান ইতিপূর্বে ওসি হিসেবে জামালপুর সদর থানা, নেত্রকোনার দুর্গাপুর থানা, জামালপুর জেলার মেলান্দহ ও সরিষাবাড়ি থানা সহ গুরুত্বপূর্ণ স্টেশনে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, মাদক অস্ত্র উদ্ধার সহ অপরাধ নির্মূলে বিশেষ অবদান রাখেন। স্বীকৃতি স্বরূপ একাধিকবার বিশেষ সম্মাননা অর্জন করেন। তিনি শেরপুর ডিবিতে যোগদান করেই মাদক, চোরাচালান ও অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছেন।
