নালিতাবাড়ীতে ৭২ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

২৪ আগস্ট ২০২৬, ৩:৪২

সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে ১২ মাদক মামলার আসামী অন্যতম মাদক কারবারি ফারুক আহমেদকে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফারুক আহমেদ পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া বারোমারী বাজারের বাসিন্দা ফজর আলীর ছেলে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বারোমারী বাজার এলাকার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগে মাদকসহ ১২টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে ফারুক আহমেদকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ৭২ পিস ইয়াবাসহ ফারুক আহমেদকে গ্রেপ্তার করে সোমবার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। একইসাথে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।