মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহত শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, মালয়েশিয়ায় সাইফুল ‘যাওয়াতান কোসং রিসডা প্লেন্টেশন’ নামে একটি পাম বাগানে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে (মালয়েশিয়ার স্থানীয় সময় ভোর ৩টা) প্রবাসী সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই দেশের কেডা ডিস্ট্রিক্ট এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকার ইউপি মেম্বার ইউসুফ মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় সাইফুল ইসলামের মোটরসাইকেলে থাকা ফল কাঁটার ধারালো সরঞ্জামের আঘাতে তার গলায় মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মারা যান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রবাসীর মরদেহ দেশে আনার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
