নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একদিনে ৫ জনের মৃত্যু! এলাকায় শোক
সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ীতে একদিনে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং গলায় ফাঁস দিয়ে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের মধ্যে দুজন হলো উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণি এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। তবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।
এদিকে, একই দিন দুপুর ৩টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, নয়াবিল ইউনিয়নের ওই এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকে দেখতে পান তার মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
এ ছাড়া উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ধন্নার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিনে উপজেলার তিনটি ইউনিয়নে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
