নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের আওতাধীন নারায়ণখোলা ঘাটপাড়ে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার অর্থায়নে একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার আসরের সলাত আদায়ের মাধ্যমে বিকেলে মসজিদটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় পূর্ব নারায়নখোলা জামে মসজিদের ইমাম হাফেজ আশরাফুল আলম, জমিদাতা আবু বাক্কার, পাঁচকাহনিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাজহারুল আলম, নারায়নখোলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব কাজী আ: ছাত্তার, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন উক্ত ইউনিয়নের জমঈয়তে আহলে হাদিস’র সভাপতি মাওলানা মো: খোরশেদ হোসেন। দোয়ায় তিনি দুনিয়া ও আখেরাতের শান্তি, ইসলামী হুকুমত অনুযায়ী জীবন গড়া,শান্তিময় দেশ ও জাতির পাশাপাশি মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, নকলা প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন,সদস্য সুজন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকলা অদম্য মেধাবী সংস্থার নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান এর সাথে কথা বলে জানা যায়, মসজিদটি নির্মাণে তাদের আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
এছাড়াও নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার দরিদ্র অসহায় প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য শতাধিক হুইল চেয়ার প্রদান ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। তাছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি বছর মাহে রমজানে রোজাদারদের মাঝে উন্নত মানের খাবার ও ইফতার বিতরণ সহ ঈদের পূর্বে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করার ফলশ্রুতিতে উক্ত সংগঠন ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
