বুলবুল আহম্মেদ ||বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির প্রথম বারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় মানিক দত্তকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাকলি বহুমুখী সমবায় সমিতি। সোমবার রাতে শহরের কাকলি সমিতির সভাকক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় কাকলি বহুমুখী সমবায় সমিতির পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সাথে শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এর পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, মানিক দত্ত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ক্রীড়া অঙ্গন ছাড়াও তিনি সাংবাদিকতার পেশায় জড়িত। শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে তিনি আ’লীগের রাজনীতিতে একজন সক্রিয় কর্মী। তিনি শেরপুর পৌর আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ক্রীড়া সংগঠন সহ বেশ কয়েকটিতে উপদেষ্টা হিসেবে আছেন।

শেরপুরের ইতিহাসে এই প্রথম একজন ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেলেন মানিক দত্ত। ক্রীড়া সংগঠক মানিক দত্ত দায়িত্ব পাওয়ায় শেরপুরের বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন এবং একমাত্র তার নেতৃত্বেই ক্রিকেট এগিয়ে যাবে বলে ধারনা করছেন সুশীলরা।

