স্টাফ রিপোর্টার ||শেরপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় নিহত পারভেজ হাসানের (২৫) জানাজা নামাজে বিপুল মুসল্লি সমবেত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ মাঠে পারভেজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারভেজের বন্ধু জাহিদুল ইসলাম সোহাগ ও রুবেল মিয়া জানান, সোমবার (১৩ জুন) দুপুরে পারভেজ শেরপুর শহরের খোয়ারপাড়-নিউমার্কেট সড়কের সজবরখিলা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ হাসানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ নেওয়ার পথে ফুলপুর এলাকায় মারা যান পারভেজ। পারভেজ ২০১১ সালে ঐতিহ্যবাহী ফসিহ উল উলুম দাখিল মাদরাসা হতে দাখিল পাশ করেন। তার মৃত্যুতে ২০১১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা শোকাহত।

শেরপুর সদর থানার এসআই মো. রুবেল মিয়া জানান, এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, কৌশলে পালিয়ে গেছে চালক।
এদিকে, তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
