বুলবুল আহম্মেদ : শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২৬ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার ভোরে পৌর শহরের খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে মদসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, নালিতাবাড়ী উপজেলার সমেশচূড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) ও পূর্বশেরী মহল্লার কবির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ খোয়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. নজরুল ইসলামের কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ ও রাজন মিয়ার কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই শুভ্র চন্দ্র দে, সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) হরিপদ পাল, এএসআই আব্দুর রহমান ও শাহজাহান কবিরসহ সঙ্গীয় ফোর্স।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. সালেমুজ্জামান।