শেরপুরের ঝিনাইগাতীতে আবাসিক সংযোগে অবৈধ সেচপাম্প, বৈধ পাম্প মালিকরা দিশেহারা!

শেরপুরের ঝিনাইগাতীতে আবাসিক সংযোগে অবৈধ সেচপাম্প, বৈধ পাম্প মালিকরা দিশেহারা!

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের আবাসিক বিদ্যুৎ সংযোগে অবৈধভাবে সেচ পাম্প চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ বৈধ সেচ পাম্প মালিকদের।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শতশত অবৈধ সেচপাম্প চালানো হচ্ছে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে । অনুমোদন বিহীন এসব সেচপাম্প অবাধে চালানো হচ্ছে। ফলে বিপাকে পরেছেন বৈধ সেচ পাম্প মালিকরা।

স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের সুত্রে জানা গেছে,ঝিনাইগাতী উপজেলার ৭ইউনিয়নে বিএডিসি’র অনুমোদন প্রাপ্ত পল্লী বিদ্যুতের আওতায় বৈধ সেচ পাম্প রয়েছে প্রায় ৬শত । অপর দিকে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধভাবে চালানো হচ্ছে সহশ্রাধিক সেচ পাম্প।

অভিযোগ প্রকাশ, অবৈধভাবে সেচ পাম্প চালানোর কারনে বৈধ সেচ পাম্প মালিকরা চরম বিপাকে পরেছেন । অবৈধ সেচ পাম্প মালিকরা নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্য কৃষকদের জমিও চাষাবাদ করে আসছেন।
অথচ লাখ লাখ টাকা খরচ করে উপজেলা সেচ কমিটির অনুমতি নিয়ে সেচ পাম্প স্থাপনকারী সেচ পাম্প মালিকরা এখন দিশেহারা হয়ে পরেছে। তারা সেচ দেয়ার মতো জমি পাচ্ছেন না। এতে লোকসান গুনতে হচ্ছে বৈধ সেচ পাম্প মালিকদের।

সেচ পাম্প মালিকরা জানান, বৈধ সেচ পাম্পের বিদ্যুৎ সরবরাহে ভর্তূকি দিচ্ছে সরকার। আর আবাসিক বিদ্যুৎ সরবরাহে সে ভর্তূকি নেই। এতে পল্লী বিদ্যুৎ সমিতি লাভবান হচ্ছে। একারনে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধ সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না পল্লী বিদ্যুৎ সমিতি।

এ ব্যাপারে ভূক্তভোগী সেচ পাম্প মালিক উপজেলার কাংশা ইউনিয়নের কাড়াগাঁও গ্রামের আবুল কাশেম উপজেলা সেচ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তার আশপাশের প্রায় ১০ টি অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এ আবেদন করেন।

শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) আশরাফ হোসেন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগ দদ্বারা সেচ পাম্প চালানো সম্পুর্ণ অবৈধ। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন সহ অর্থদন্ডে দন্ডিত করতে পারবেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ঝিনাইগাতী শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হাফিজুর রহমান পত্রিকায় না লেখার স্বার্থে বলেন, এ মুহুর্তে এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে উঠতি বোরো ফসলের ক্ষতি সাধিত হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *