স্টাফ রিপোর্টার :শেরপুরে খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স বহালের দাবিতে সাব-ডিলাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের সম্মুখে খন্ড খন্ড ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে জেলার খুচরা সার ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে অংশ নেন। পরে ব্যবসায়ীরা তাদের দাবিসংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারের নিকট হস্তান্তর করেন।
মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন মো. হাফিজুর রহমান, মো. ইকবাল হোসেন মিষ্টার, এমদাদুল হক ঝন্টু, মো. আমজাদ হোসেন ও মো. লিটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টি.ও লাইসেন্স চালু করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সুবিধা পেতেন। বিগত সরকার কৃষকদের সুবিধার্থে এ নিয়ম চালু করেছিল। কিন্তু ২০২৫ সালে এসে এ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করা হয় এবং ২০২৬ সালের মার্চ মাসে এ সুবিধা স্থগিত করার নির্দেশনা জারি করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে কৃষকসহ খুচরা সার ব্যবসায়ী ও ডিলাররা ক্ষতির মুখে পড়ছেন।এ অবস্থায় ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবি জানান বক্তারা।


মানববন্ধন শেষে ব্যবসায়ীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
