ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা||সত্যবয়ান

ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা||সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||রাজধানী ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ আট বিভাগের মধ্যে ছয় বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২২ মে) সকালে এমনই তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তিনি বলেন, ‘অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।’

ঢাকায় সারাদিন আকাশ মেঘলা থাকার কথা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ী ঝড়ো হাওয়ার আকারে ৩০-৪০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নাজমুল হক আরো বলেন, ‘আজকেও আমাদের ৪৩টি স্টেশনের মধ্যে ৩৬টি স্টেশনে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ছয় বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হবে। তবে বাকি দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলে জানান তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *