ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস সহ বিএনপির দুই নেতা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাংটিয়া মোড় এলাকায় ফরেস্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বাজিতখিলা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান বাবু (৩৯) এবং একই এলাকার মফিজুল ইসলাম এর ছেলে সদর থানা বিএনপির সদস্য মেজবাউল ইসলাম শিবলু (৩৪)।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রাংটিয়া মোড় ফরেস্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা ৪টি শক্ত কাগজের কার্টুন তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কোম্পানির তৈরি ১ হাজার ৯২০টি ‘স্কিনশাইন ক্রিম’ টিউব উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি কার্টুনে ২৪টি করে মোট ৯৬টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০টি করে ক্রিমের টিউব ছিল। প্রতিটি ক্রিমের অবৈধ বাজারমূল্য ৩০০ টাকা হিসেবে জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৫ লাখ ৭৬ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আজ ২৮ নভেম্বর শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মশিউর রহমান বাবু সাবেক আহ্বায়ক ছিলেন তার কমিটি অনেক আগেই বাতিল করা হয়েছে। বর্তমানে সে যুবদলের কোন দায়িত্বে নেই। যুবদলের নাম ভাঙ্গিয়ে কোন অনৈতিক কাজে জড়ালে এর দায় যুবদল নেবেনা।
শেরপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপির সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। যদি অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে শৃঙ্খলা ভঙ্গের কারনে থানা বিএনপি-র সদস্য পদ বাতিল হবে।
