শেরপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

শেরপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রমূলক পদক্ষেপের প্রতিবাদ এবং ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ডিগ্রিধারীদের পেশাগত সমস্যা নিরসনে গঠিত বৈষম্যমূলক কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শেরপুর। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ বাংলাদেশ-এর শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব নিরসনের নামে সরকার যে কমিটি গঠন করেছে, তা বৈষম্যমূলক। বিশেষ করে উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের যে সুপারিশ করা হয়েছে, তা ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষুন্ন করে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদেও তারা রাজপথে নেমেছেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না। এটি আমাদের ক্যারিয়ার ধ্বংস করার একটি অপচেষ্টা। অবিলম্বে এই বৈষম্যমূলক কমিটি বাতিল করতে হবে।”

তারা আরও হুঁশিয়ারি দেন যে, যদি দ্রুত এই সমস্যা সমাধান না করা হয় এবং টেকনিক্যাল সেক্টরের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ না হয়, তবে দেশব্যাপী আরও কঠোর শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

মিছিলটি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *