নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিম শিশু, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ৫ নং ধলা ইউনিয়নের মোহাম্মদীয়া নূরানী ও হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক রান্না করা খাবার নিজ হাতে বিতরণ করেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাবার নিতে আসা কয়েকজন সুবিধাভোগী বলেন, এমন আয়োজন তাদের জন্য সহায়ক। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের সামাজিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা মনোয়ার হোসেন রুপক ও রাকিবুল ইসলাম সাগর, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, যুবনেতা মাহমুদুল হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, ছাত্রনেতা রিদয় সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
