দেশজুড়ে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ভারী বর্ষণের আশঙ্কা : আবহাওয়া অধিদপ্তর

৩০ এপ্রিল ২০২৬, ৩:৪২

অনলাইন ডেস্ক :

দেশজুড়ে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার ও শনিবারও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

রোববার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।