রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে গাড়ির সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন

৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯

নিজস্ব প্রতিবেদক: শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং চেকপোস্টের মাধ্যমে গাড়ির নিবন্ধন ও সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও শ্রমিকরা অংশ নেন।

শেরপুর জেলা ব্যাটারী চালিত রিক্সা, অটোরিক্সা ও ইজিবাইক মালিক সমিতির আয়োজনে সংগঠনটির আহ্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন,গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন, তারেক মিয়া প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রোড নিবন্ধন ফি পরিবহন সংশ্লিষ্টদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। তাই জনস্বার্থ ও পরিবহন খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, গাড়ির নিবন্ধন ও সিরিয়াল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে সেখান থেকেই গাড়ির নিবন্ধন এবং সিরিয়াল চেকিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। এতে অনিয়ম ও হয়রানি কমার পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক বরাবর এক স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।