নকলায় এক মাদকসেবীর জেল, চার ফার্মেসিকে জরিমানা

২৫ আগস্ট ২০২৬, ৪:৩২

নকলা সংবাদদাতা : শেরপুরের নকলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে চারটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার কায়দা গোরস্থান সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

পরে নকলা পৌরসভার হাসপাতাল মোড় ও উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে চারটি ফার্মেসির বিরুদ্ধে চারটি মামলা করা হয়। এসব মামলায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।